নারীকে গুলি করে হত্যা, প্রধান অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত
Visitor 223

ঢাকা প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানার বলিরহাট এলাকায় ভাইকে না পেয়ে ঘরে ঢুকে বোনকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহআলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
রোববার ভোরে বাকলিয়া থানার কর্ণফুলী নদীর পাড় সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
এ ঘটনায় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিনসহ (ওসি) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, বুবলী আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শাহআলম বজ্রঘোনার কল্পোলক আবাসিক এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহআলম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে শাহআলমকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এতে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন।
জানা যায়, বুবলি আক্তারের ভাই রুবেলের সঙ্গে শাহআলমের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে শনিবার রাতে শাহআলম রুবেলের বাসায় যায়। বাড়িতে রুবেলকে না পেয়ে বোন বুবলি আক্তারকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে বুবলি মারা যান।
এছাড়া ও বুবলি খুনের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।








0 Comments
Add new comment